আল আমিন- রায়পুরা,নরসিংদী।
প্রকাশ: ২০:১৫, ৩১ অক্টোবর ২০২৬
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় যুবকের দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহটি নদীর তীরে ফেলে রেখে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। হাত-পাও বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।