ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: ২০:০৫, ৩০ অক্টোবর ২০২৬
ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হবিরবাড়ী স্পোর্টস একাডেমি আয়োজিত শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর। জমজমাট এ খেলায় গোবিন্দগঞ্জ ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে পাইলট ক্লাব একাদশ।
শুক্রবার (৩০ অক্টোবর বিকালে ) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান আমিনুল ইসলাম খান ভাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল। টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদল নেতা ও হবিরবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইউসুফ গাজী। এ সময় হবিরবাড়ী স্পোর্টস একাডেমির ভাইস চেয়ারম্যান মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। শেষ পর্যন্ত তিনটি গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পাইলট ক্লাব একাদশ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।