অভয়নগরে পৃথক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১

মোঃ আবুল বাসার, যশোর

প্রকাশ: ১৬:২২, ৪ নভেম্বর ২০২৬

অভয়নগরে পৃথক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (৪ নভেম্বর) ভোররাত ও সকালে উপজেলার ভৈরব সেতু সংলগ্ন এলাকা এবং প্রেমবাগ উড়োতলা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

​নিহতরা হলেন, উপজেলার দিয়াপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল ওহাব (৬০) ও ভ্যানযাত্রী সামাদ বিশ্বাস (৫০) এবং নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আপন (২২)।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড় ৭টার দিকে কৃষক সামাদ বিশ্বাস নিজের ক্ষেতের শিম বিক্রি করতে ভ্যানযোগে ভাঙাগেটের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতুর পশ্চিম পাশে পৌঁছালে পিছন থেকে সোহাগ পরিবহনের একটি দূরপাল্লার বাস ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সামাদ বিশ্বাস। গুরুতর আহত ভ্যানচালক আব্দুল ওহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​এর আগে, মঙ্গলবার রাতে বন্ধু হোসেন আলীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হন শিক্ষার্থী আপন। রাত আনুমানিক ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হোসেন আলীকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পৃথক এ দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। একই দিনে তিনজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো অভয়নগর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন