জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার হোসাইন, চট্টগ্রাম

প্রকাশ: ১০:৫৪, ৫ নভেম্বর ২০২৬

জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের ইসমাইল হাজির নতুন বাড়ি এলাকায় জমি দখল, বসতঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বুধবার চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত মানবন্ধনে আলমগীর কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রুমান ভূঁইয়া ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৈতৃক বাড়িতে বসবাস করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের পর একদিন আলমগীর কবিরের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয়। এমনকি ভাঙচুরের পর পড়ে থাকা ইট ও লোহার সামগ্রীও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে অনেকে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

মানববন্ধনে ভুক্তভোগী রুমান ভূঁইয়া বলেন, ‘আমার নিজের কেনা জমি জোরপূর্বক দখল করে আমার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আসতে পারছি না। বিভিন্নভাবে আমাকে হয়রানি করা হচ্ছে।’

আরেক ভুক্তভোগী জমির উদ্দিন অভিযোগ করেন, আলমগীর কবির জোরপূর্বক তাঁর একটি পুকুর দখল করে নিয়েছেন। এ ছাড়া এলাকার আরও অনেক মানুষ তাঁর নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

জমির উদ্দিন বলেন, ‘আমরা আর নির্যাতন, লাঞ্ছনা ও হয়রানির শিকার হতে চাই না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি, অভিযুক্ত ব্যক্তির দখলদারত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চাই। আমরা স্বাধীন দেশে নিরাপদে ও স্বাধীনভাবে বাঁচতে চাই।’

মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দখল হওয়া জমি ও পুকুর উদ্ধারের পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন