বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন

জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী

প্রকাশ: ১৬:২৯, ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন

শ্রেণিকক্ষের প্রচলিত পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির সংযোজন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চালু হলো অত্যাধুনিক ‘স্মার্ট ক্লাসরুম’।

চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ‘Lighting Up the Future’ শীর্ষক প্রকল্পের আওতায় এ স্মার্ট ক্লাসরুমটি প্রতিষ্ঠিত হয়েছে। চায়না ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (CFPD) বাস্তবায়নে এবং বাংলাদেশে বসবাসরত চীনা প্রবাসী সংগঠনের সহায়তায় নির্মিত এই ক্লাসরুমটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও উন্নয়ন সহযোগিতার এক তাৎপর্যপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক জমকালো আয়োজনের মাধ্যমে এই স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী জনাব লিউ হাইশিং এবং বাংলাদেশের শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সার্বিক নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব ফেরদৌস হোসেন রনি।

উদ্বোধনী আয়োজনে চীনা প্রতিনিধি দলের মধ্যে অংশ নেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের তথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক জনাব হু ঝাওমিং, প্রথম ব্যুরোর মহাপরিচালক জনাব পেং শিউবিন, চায়না ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব জনাব ওয়াং হেমিং, বাংলাদেশে বসবাসরত চীনা প্রবাসীদের সংগঠনের সভাপতি জনাব ঝাং ইউচাং এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বাংলাদেশ শিক্ষা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাবা জেসমিন নাহার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাবা শাহিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ সম্প্রসারণের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এই স্মার্ট ক্লাসরুম যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানটি ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকদ্বয়, গভর্নিং বডির সদস্য, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। আন্তর্জাতিক প্রতিনিধিদের সরাসরি উপস্থিতি এবং শিক্ষায় প্রযুক্তির আধুনিক ব্যবহার সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনার সৃষ্টি করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নতুন এই স্মার্ট ক্লাসরুম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আন্তর্জাতিক মানের পাঠগ্রহণ এবং আধুনিক দক্ষতা বিকাশের পথ আরও সুগম ও সম্প্রসারিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন