জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৬:২৮, ৭ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাজিতপুর বাজারের গণনাট্য মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন লায়লা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছেলে এ কে এম আরিফুল হক রনি, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদলসহ মার্কেটের ব্যবসায়ীরা।
লিখিত বক্তব্যে লায়লা বেগম জানান, তাঁর প্রয়াত স্বামী এ. কে. আমিনুল হক সারাজীবনের উপার্জিত অর্থ দিয়ে বাজিতপুর বাজারের প্রাণকেন্দ্রে নিজ নামে ‘আমিনুল হক সুপার মার্কেট’ এবং তাঁর নামে ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’ প্রতিষ্ঠা করেন। কিন্তু বিগত সরকারের আমলে একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী পক্ষ তাঁর মার্কেটের ১৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে। এ জন্য তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জমির মালিকানা হস্তান্তরে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ মার্চ রাতে পূর্ব বাজিতপুরে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মার্কেটের মালিকানাসংক্রান্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পরবর্তীতে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে একটি পক্ষ ২০২৪ সালের মার্চ মাসে তাঁর মার্কেটের জায়গায় ‘রেজিয়া সুপার মার্কেট’ নামে সাইনবোর্ড স্থাপন করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই পক্ষের লোকজন সেখান থেকে সরে যায় বলেও দাবি করেন তিনি।
লায়লা বেগমের অভিযোগ, গত ৩ নভেম্বর সন্ধ্যার পর মার্কেটের ১৪ শতাংশ জমি দখলের পাঁয়তারার অংশ হিসেবে মার্কেটের প্রবেশপথে স্থাপিত তাঁর নামসংবলিত মালিকানার সাইনবোর্ড এবং হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশসংক্রান্ত নোটিশবোর্ড রাতের আঁধারে খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই স্থানে মনিরুজ্জামান মনির গংয়ের নামে জমির মালিকানা দাবি করে একটি ব্যানার টাঙানো হয়।
তিনি দাবি করেন, ১৯৯৩ সাল থেকে ওই ১৪ শতাংশ জমির স্বত্ব ও দখল তাঁর রয়েছে এবং এ-সংক্রান্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত আছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে ১৫২/২০২৩ নম্বর মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ ছাড়া একই জমি নিয়ে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা নম্বর ৩৭৩৭/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, এই মার্কেটের ওপর তাঁদের কোনো বৈধ মালিকানা বা কাগজপত্র নেই—এমন দাবি সঠিক নয়। এ বিষয়ে তাঁরা কিশোরগঞ্জের জজ আদালতে মামলা করে হেরে গেছেন বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, প্রতিপক্ষের কাছে বৈধ মামলা, আরএস, সিএস, মাঠ রেকর্ড, খাজনা-খারিজ কিংবা জমি কেনার কোনো দলিল নেই।
মনিরুজ্জামান মনির আরও দাবি করেন, ওই সম্পত্তির প্রকৃত মালিক ছিলেন হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি। তাঁর সহযোগীরা প্রকৃত মালিকদের কাছ থেকেই অনেক আগে বৈধভাবে সম্পত্তিটি কিনেছেন। এ-সংক্রান্ত মাঠ রেকর্ড, আরএস, খাজনা-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র ও হালনাগাদ দলিল তাঁদের কাছে রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রতিপক্ষকে মার্কেটের ভাড়া তোলা থেকে নিষেধ করা হয়েছে। দীর্ঘদিন তাঁরা ওই সম্পত্তির আশপাশে না থাকলেও ৫ আগস্টের পর অন্যের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। প্রকৃত মালিকানা দাবি করলে খাজনা-খারিজ, সিএস, মাঠ রেকর্ড ও দলিলপত্র দেখিয়ে তা প্রমাণ করতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া সেখানে প্রবেশ বা দখলের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ও আদালতে মামলা চলমান থাকায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। জমির প্রকৃত মালিকানা ও বিরোধের নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
শীর্ষ সংবাদ: