বাজিতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫:১০, ৮ নভেম্বর ২০২৬

বাজিতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায়ের গুরুত্ব, সঞ্চয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা তুলে ধরেন বক্তারা। এ সময় সফল সমবায় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ চারটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাজিতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজিতপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি ওয়াশিমুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাজিতপুর উপজেলা সমবায় কর্মকর্তা এরশাদ রিকাবদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী জসিম উদ্দিন, সাবেক কৃষি ব্যাংক ব্যবস্থাপক, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাজিতপুর উপজেলার ৩৪টি সমবায় সমিতির প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় একটি সম্মিলিত অর্থনৈতিক উদ্যোগ, যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেন। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করতে হবে। সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় থাকলে সমবায় কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের একপর্যায়ে সফল সমবায় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ চারটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সমিতিগুলো হলো—আগামীর সঞ্চয়, আস্থা সঞ্চয়, সাথী সঞ্চয় ও সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।

সম্মাননা প্রদানকালে সমবায় কার্যক্রমে সংশ্লিষ্ট সমিতিগুলোর অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়। একই সঙ্গে সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সঞ্চয় ও বিনিয়োগের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তাঁরা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রচেষ্টায় ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতির সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাজিতপুরে জাতীয় সমবায় দিবসের কর্মসূচি শেষ হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন