​ওসির ’জিরো টলারেন্স’, চরভদ্রাসনে কোণঠাসা মাদক কারবারিরা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৮, ৮ নভেম্বর ২০২৬

​ওসির ’জিরো টলারেন্স’, চরভদ্রাসনে কোণঠাসা মাদক কারবারিরা

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলসহ চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্পটে চালানো হচ্ছে লাগাতার সাঁড়াশি অভিযান। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলীর নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ চার সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে পলাতক এক মাদক কারবারিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পদ্মা নদী তীরবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে চরভদ্রাসনের বিস্তীর্ণ চরাঞ্চল ও দুর্গম এলাকা দীর্ঘদিন ধরে মাদক চক্রের নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী নিজেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলেন। রাত-বিরাতে জল ও স্থলপথে পুলিশ সদস্যদের নিয়ে তিনি সরাসরি টহল জোরদার করেন। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় এলাকার শীর্ষ ও খুচরা মাদক ব্যবসায়ীদের তালিকা। সেই সুনির্দিষ্ট তালিকার ওপর ভিত্তি করেই টানা কয়েক দিন ধরে উপজেলার ইউনিয়নগুলোতে একযোগে শুরু হয় পুলিশি ‘ব্লক রেইড’।

থানার উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) সমন্বয়ে গঠিত বিশেষ দলগুলো বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গত ৭ নভেম্বর এসআই কাজী রিপন ও এএসআই সাইফুদ্দিনের নেতৃত্বে একটি দল চরভদ্রাসন ইউনিয়নের আরশেদ মাতব্বরের ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে কামাল ফকিরের ছেলে চিহ্নিত মাদক কারবারি আফজাল ফকিরকে (২৯) আটক করে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৭/১১/২০২৬), গত ৬ নভেম্বর গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় এসআই মুজাহিদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় মনসুর বেপারীর ছেলে গিয়াস বেপারীকে (৪২) ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে পাকড়াও করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাশের অলিগলি দিয়ে পালিয়ে যায় অপর সহযোগী জামাল বেপারীর ছেলে মানিক বেপারী। এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০৪, তারিখ: ০৬/১১/২০২৬)। পলাতক মানিককে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই দিন গাজীরটেক এলাকার রউফ মেম্বারের বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর সন্দেহভাজন চলাচলের সময় এলাহী খানকে (২৯) আটক করা হয়। ধৃত এলাহী ফরিদপুর কোতোয়ালি থানার বিল মাহমুদপুর গ্রামের মৃত মজিবরের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ৬ হাজার টাকা বাজারমূল্যের হেরোইন উদ্ধার করা হয়। আন্তঃউপজেলা মাদক চক্রের এই সদস্যের বিরুদ্ধে থানায় পৃথক মামলা রুজু হয়েছে (মামলা নং-০৩, তারিখ: ০৬/১১/২০২৬)। এছাড়া চরভদ্রাসন ইউনিয়নের বালিয়াডাঙ্গী পুরাতন জেলখানা সংলগ্ন নির্জন কাঁচা রাস্তার ওপর মাদক কেনাবেচার গোপন তথ্যে হানা দেন এসআই মোজাম্মেল হক বিশ্বাস। সেখান থেকে মৃত সাখাওয়াত মৃধার ছেলে স্বাধীন মৃধাকে (২০) তিন গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সামারি ট্রায়াল মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

​পুরো এই ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে মাঠে থেকে সরাসরি দায়িত্ব পালন করেন চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন খান, এসআই এনামূল হক, এসআই মুজাহিদ, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক এবং এএসআই সাইফুদ্দিনসহ থানা পুলিশের সঙ্গীয় চৌকস ফোর্স।

অভিযানের বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শতভাগ আপসহীন এবং এটি বাংলাদেশ পুলিশের নিয়মিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ। চরভদ্রাসনের ভৌগোলিক সীমানায় কোনো মাদক ব্যবসায়ী, বহনকারী বা পৃষ্ঠপোষককে ছাড় দেওয়া হবে না। সমাজ ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দিন-রাত চরাঞ্চলের প্রতিটি সম্ভাব্য আস্তানায় আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।” অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের সচেতন জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গত এক মাসে থানা পুলিশের একের পর এক সফল অভিযান এবং ওসির আপসহীন অবস্থানের কারণে উপজেলায় মাদক চক্রের প্রকাশ্য তৎপরতা দৃশ্যমানভাবে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, দুর্গম চরাঞ্চলেও পুলিশের এমন সক্রিয় উপস্থিতি অব্যাহত থাকলে খুব দ্রুতই চরভদ্রাসন মাদকমুক্ত উপজেলায় পরিণত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন