নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারের পেকুয়ায় সরকারি খাস জমি দখলের বিষয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের মাল্টিমিডিয়ায় "পেকুয়ায় ছয় কোটি টাকার সরকারি খাস জমি দখল করলেন শ্রমিকদল নেতা ওসমান" এমন শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন প্রকাশের পরদিনই সোমবার (৯ নভেম্বর) দুপুরে কবির আহমদ চৌধুরী বাজারে দখল করা সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কের পাশে দখল করে রাখা প্রায় ৩৭ শতক সরকারি জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রের অভিযোগ, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনির নেতৃত্বে প্রায় দুই মাস আগে কয়েক কোটি টাকা মূল্যের ওই সরকারি জমি দখল করে টিনের ঘেরাবেড়া দিয়ে মাটি ভরাট করা হয়েছিল।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিবেদনের পর প্রশাসনের এই অভিযানকে সরকারি সম্পত্তি রক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
শীর্ষ সংবাদ: