বাজিতপুরে দাঁড়িয়ে থাকা মহিলা কলেজের বাসে আগুন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪:১২, ১০ নভেম্বর ২০২৬

বাজিতপুরে দাঁড়িয়ে থাকা মহিলা কলেজের বাসে আগুন

কিশোরগঞ্জের বাজিতপুরে গভীর রাতে দাঁড়িয়ে থাকা ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের ব্যবহৃত একটি বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পিরিজপুর বাজারের পুরাতন বাঁশমহল ভূমি অফিস সংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১৫১৮৪। বাসটি নরসিংদী ডিপোর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরিজপুর বাজারের পাহারাদার বাদল মিয়া জানিয়েছেন, তিনজন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে করে এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ১০ নভেম্বর দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘটের কর্মসূচির আগে এ অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল আলম লিটন বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। এর সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জড়িত। আর এ ঘটনার জন্য পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা দায়ী।” তবে তাঁর এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন