ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৭, ১০ নভেম্বর ২০২৬
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইয়াসিন মোড় এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। এ সময় খবর পেয়ে বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী শৈবাল ও নির্জনকে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। প্রক্টরিয়াল বডি তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।
অপরদিকে, একই রাতে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের আকুয়া বাইপাস এলাকার আদুর মোড়ে রাত আনুমানিক ১২টার দিকে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের সীমানায় গিয়ে কর্মসূচি শেষ করেন তারা। তবে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) অবগত নন বলে জানিয়েছেন।
এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত শহীদ সাগর চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল দুর্বৃত্ত টায়ার ও কেরোসিন ব্যবহার করে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করেন।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ঘটনাস্থলে মোট নয়জন ব্যক্তিকে দেখা যায়। ফুটেজে কয়েকজনকে টায়ার ও কেরোসিন ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন দিতে দেখা যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে পুলিশের একটি দল তদন্ত করছে। স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)। তিনি আরও জানান, মাদকাসক্ত ব্যক্তিদের অর্থের প্রলোভন দেখিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
আটক তিনজন হলেন—মো. রোহান ইসলাম (১৬), পিতা সজল; মো. রবিউল আওয়াল (১৭), পিতা উসমান গণী এবং হাসিবুর রহমান পিয়াস, পিতা মাহমুদুর রহমান উজ্জ্বল।
গত দুই দিনে ঘটে যাওয়া পৃথক তিনটি নাশকতার চেষ্টার ঘটনা ছাড়া নগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শীর্ষ সংবাদ: