মোঃ হাবিবুর রহমান সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ: ২০:৩১, ১০ নভেম্বর ২০২৬
নোয়াখালীর সেনবাগে গতরাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাবেক তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। পরে মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ছিলোনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি এবং কেশারপাড় ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আবেদ হোসেন রুবেল। এছাড়া বেলা ২টার দিকে গ্রেফতার হন কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এদিকে, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে সেনবাগে পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার সেনবাগ পৌর শহরের সেনবাগ বাজারে নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।
সেনবাগ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহাজালাল সাজু এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহাদাত হোসেন ইমনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, সাধারণ সম্পাদক শফিউল আজম সামি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন তারেকসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদলকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।
পুলিশের পৃথক অভিযান ও ছাত্রদলের এসব কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সেনবাগের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।