মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের ছাড় নয়: এসপি সার্কেল

মোঃ মিজানুর রহমান   যশোর জেলা প্রতিনিধি 

প্রকাশ: ২২:০৫, ১০ নভেম্বর ২০২৬

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের ছাড় নয়: এসপি সার্কেল

যশোরের ঝিকরগাছা উপজেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুশিয়ারি দিয়েছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।

আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে পানিসারা ইউনিয়নের গদখালী ফুলমোড়ে আয়োজিত এক গণসচেতনতামূলক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।

​গদখালীর সুনাম ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পর্যটকবান্ধব পরিবেশ তৈরি এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
​
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জনাব আরিফ হোসেন বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূলে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ এই মুহূর্ত থেকে পানিসারা ইউনিয়নসহ গদখালী এলাকায় সব ধরনের অপকর্মের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি কার্যকর করা হলো।

​অপরাধীদের কড়া সতর্ক বার্তা দিয়ে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী বা সাধারণ ব্যক্তি যদি এসব অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। গদখালী বাংলাদেশের ফুলের রাজ্য—এই স্থানকে ফুলের মতোই পবিত্র রাখা হবে। গদখালীর ব্যবসায়ী ও দর্শনার্থীদের ওপর কোনো চাঁদাবাজি, হয়রানি বা ছিনতাই সহ্য করা হবে না। প্রতি সপ্তাহে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং করা হবে। এমনকি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ বলেন, "গদখালী কেবল যশোরের নয়, সারা দেশের একটি অন্যতম অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র। এই অঞ্চলের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে উপজেলায় কোনো মাদক কারবারি বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না।" এ সময় তিনি গদখালীকে অপরাধমুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুশীল সমাজ, শিক্ষাবিদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অপরাধ দমনে প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
​সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আঃ সাত্তার, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তবিবুর রহমান, নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিঠু আহম্মেদ, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান।

​সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নিয়ে গদখালীকে একটি সুন্দর ও নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন