কক্সবাজার আদালতে আ.লীগ নেতা, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

প্রকাশ: ২২:২১, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজার আদালতে আ.লীগ নেতা, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা

কক্সবাজারের আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে। পরে বিএনপিপন্থী নেতা-কর্মীদের একটি অংশ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ওপর চড়াও হয়ে তাঁদের নাজেহাল করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজার আদালতে নুরুল বশরকে হাজির করা হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, নুরুল বশরকে আদালত প্রাঙ্গণে আনার পর আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ নিয়ে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর বিএনপির একটি গ্রুপ আদালত প্রাঙ্গণে এসে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনজীবীদের নাজেহাল করার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার পরিচয় আইনজীবী। সমিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অতীতে হয়নি, এখনো হয় না।
বিবৃতিতে আরও বলা হয়, ১০ নভেম্বর আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করার ঘটনায় তাঁরা আতঙ্কিত। আইনজীবীদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় সবাই বদ্ধপরিকর।
এদিকে গ্রেপ্তার নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা। তিনি শফি মেম্বারের ছেলে। তাঁর ছোট ভাই যুবলীগ নেতা নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
নুরুল বশর ২০২৪ সালের ৩ জুনও একবার গ্রেপ্তার হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।
আইনজীবী সাহাব উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখলের চেষ্টা করা হয়। এ সময় হামলায় রেহেনুমা ও তাঁর স্বামীসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন