কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৫, ১২ নভেম্বর ২০২৬
জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা,ঝটিকা মিছিলের প্রস্তুতি,গোপন বৈঠক এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিতভাবে এই অভিযান চালায়।বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন উপজেলার স্পর্শকাতর স্থান ও গোপন আস্তানায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পর একযোগে এই তল্লাশি চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতোয়ালি মডেল থানা, চৌদ্দগ্রাম,দাউদকান্দি, দেবিদ্বার,লাকসাম, বুড়িচং,মুরাদনগর, চান্দিনা,নাঙ্গলকোট ও মনোহরগঞ্জসহ সবকটি থানা এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছিল।
পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানের প্রথম দিন গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিচালিত সাঁড়াশি অভিযানে আরও ৫৬ জনকে গ্রেফতার করা হয়।দুই দিনে সমন্বিত এই অভিযানে মোট ৯৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চৌকিও বসানো হয়েছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা পর্যায়ের একাধিক পদধারী নেতা এবং সক্রিয় কর্মী রয়েছেন।তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতার পরিকল্পনা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিভিন্ন ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও পূর্বের নিয়মিত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃলুৎফর রহমান বলেন,জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অবস্থান অত্যন্ত কঠোর থাকবে।কোনো নিষিদ্ধ সংগঠন বা দুষ্কৃতকারী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে,সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।জননিরাপত্তার স্বার্থে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা রুখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এদিকে পুলিশের এই টানা অভিযানের ফলে জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শীর্ষ সংবাদ: