মাগুরায় আমন ধান কাটা শুরু, আগাম ফসল ঘরে তুলে খুশি কৃষক

মাগুরা প্রতিনিধি:

প্রকাশ: ১৮:২৭, ১৩ নভেম্বর ২০২৬

মাগুরায় আমন ধান কাটা শুরু, আগাম ফসল ঘরে তুলে খুশি কৃষক

মাগুরায় শুরু হয়েছে আমন ধান কাটা ও ঘরে তোলার মৌসুম। নভেম্বরের শুরু থেকেই জেলার বিভিন্ন এলাকার মাঠে আগাম জাতের রোপা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও আশানুরূপ ফলনে আগাম ধান ঘরে তুলতে পেরে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তবে সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং শ্রমিকের সংকট ও বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কাও রয়েছে তাঁদের মধ্যে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে কোথাও কাঁচা, কোথাও পাকা ধানের সমারোহ। সোনালি ধানের শিষে ভোরের শিশির আর হালকা কুয়াশা গ্রামীণ প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে দলবেঁধে মাঠে নামছেন কৃষকেরা। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ কাটা ধান বাড়ির উঠোনে নিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও জমিতেই চলছে ধান মাড়াইয়ের কাজ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আগাম জাতের আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। স্থানীয় শ্রমিকদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও ধান কাটার শ্রমিক এসেছেন। তবে শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং কৃষি উপকরণের বাড়তি দামে উৎপাদন ব্যয় আগের তুলনায় বেড়েছে।

শত্রুজিৎপুর গ্রামের কৃষক মিলন জানান, তিনি এক একর ৬০ শতক জমিতে কাটারি ও ৪৯ জাতের ধান চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে প্রায় পাঁচ কানি জমির ধান কাটা শেষ করেছেন। সময়মতো ধান ঘরে তুলতে পারায় তিনি সন্তুষ্ট।

একই গ্রামের কৃষক মুন্সি মিয়া বলেন, এ বছর সার, কীটনাশক, ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে। তবে বাজারে ধানের ভালো দাম পাওয়া গেলে খরচ বাদ দিয়ে কিছুটা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তিনি।

সম্প্রতি বুরোল বিল এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা জমি থেকে পাকা আমন ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ জমিতেই ধান মাড়াই করছেন। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আমন ধান কাটার পর একই জমিতে শীতকালীন শাকসবজি ও ডালজাতীয় ফসল আবাদের প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। ইতোমধ্যে অনেক কৃষক জমি প্রস্তুতের কাজ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৭৫৫ হেক্টর জমিতে। উপজেলায় হাইব্রিড ও উফশী জাতের ব্রি ধান-৮৭, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫২ এবং পায়জাম জাতের রোপা আমন ধানের আবাদ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশ জমির ধান কৃষকের ঘরে উঠবে বলে আশা করছে কৃষি বিভাগ।

মাগুরা জেলা কৃষি কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, আগাম জাতের আমন ধান চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। আমন ধান ঘরে তোলার পর কৃষকেরা একই জমিতে সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি আবাদের প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং কৃষকের আয় বাড়বে।

সব মিলিয়ে আগাম আমন ধান কাটাকে ঘিরে মাগুরার কৃষিপ্রধান এলাকাগুলোতে এখন ব্যস্ততা। ভালো ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ পুষিয়ে ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় রয়েছেন কৃষকেরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন