ফরিদপুর জেলা প্রতিনিধি -
প্রকাশ: ২৩:৪২, ১৩ নভেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ২৯০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাঙ্গা পৌরসভার গজারিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিব (৪১) বাদী হয়ে এ মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মী এবং কয়েকজন বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই ভাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ছাড়া ফরিদপুর সদর, নগরকান্দা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কয়েকজনের নামও আসামির তালিকায় রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়িসংলগ্ন সড়কে ২৫ থেকে ৩০ জন মশাল মিছিল বের করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক লীগের নামসংবলিত একটি ব্যানার উদ্ধার করে।
মশাল মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে স্থানীয় বিএনপির সমর্থকেরা মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সোমবার দিবাগত রাতে ভাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার আহমেদ আলীর ছেলে আমির হামজা ওরফে নুরকে আটক করে। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলার ১ থেকে ৬ নম্বর আসামির সবাই কিশোর। এর মধ্যে ১ থেকে ৪ নম্বর আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চার কিশোরের নাম রয়েছে। ৫ ও ৬ নম্বর আসামিও কিশোর। মামলায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা এবং সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সড়ক অবরোধ করে মশাল, ব্যানার, ইট-পাথরের খোয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলন্ত যানবাহনের গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি বর্তমান সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ভাঙ্গায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ২৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।’