নেছারাবাদে বিএনপি নেতা টুটুলের সমর্থনে মতবিনিময় সভা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩:৪৯, ১৩ নভেম্বর ২০২৬

নেছারাবাদে বিএনপি নেতা টুটুলের সমর্থনে মতবিনিময় সভা

‎​‘বাবার রক্তে গড়া ভালোবাসা, আর ত্যাগের রাজনীতিই আমাদের শক্তি।’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুলের সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
‎
‎​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চামী-একতা বাজারসংলগ্ন এলাকায় বলদিয়া ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এই ঐতিহাসিক সভার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, বিকেলের মিষ্টি রোদের আমেজে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা দুই সহস্রাধিক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
‎​
‎​সভায় প্রধান আলোচক ও বক্তারা স্মরণ করেন বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত মাস্টার আজিজুল হককে। বক্তারা বলেন, “যাঁহাদের ত্যাগে দল ও সমাজ ঋণী থাকে, মাস্টার আজিজুল হক তাঁদের অন্যতম। তিনি আজীবন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আজ তাঁরই সুযোগ্য উত্তরসূরি মো. আজাহারুল ইসলাম টুটুল সেই পৈতৃক আদর্শ ও জনসেবার ব্রত বুকে ধারণ করে বলদিয়ার মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।”
‎
‎​বক্তারা আরও জোরালো ভাষায় বলেন, তৃণমূলের মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বলদিয়ার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
‎​
‎​প্রধান অতিথির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী মো. আজাহারুল ইসলাম টুটুল আবেগাপ্লুত কণ্ঠে তাঁর বাবার স্মৃতিচারণ করে বলেন, “আমার বাবা বলদিয়ার মানুষের সুখে-দুঃখে ছায়া হয়ে ছিলেন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ক্ষমতার মোহে নয়, বরং বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং আপনাদের সেবা করার পবিত্র আমানত কাঁধে নিতে মাঠে নেমেছি।”
‎
‎​তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দল যদি তাঁকে মনোনয়ন দেয় এবং বলদিয়াবাসীর দোয়া ও সহযোগিতা পাশে থাকে, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জনপদে রূপান্তর করতে তিনি এক মুহূর্তের জন্যও পিছপা হবেন না। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
‎
‎সভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন