গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলায় আসামি ২,৬৭৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:০৪, ১৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলায় আসামি ২,৬৭৭ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ সদর থানায় একই আইনে দায়ের করা পৃথক আরেকটি মামলায় আসামি করা হয়েছে ৪৫৩ জনকে। দুই মামলায় মোট আসামির সংখ্যা ২ হাজার ৬৭৭ জন।

শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।

সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধর্মঘটের সমর্থকেরা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুরের পর তাতে আগুন দেওয়া হয়।

এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

অন্যদিকে, গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক একটি মামলা দায়ের করেছেন উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। ওই মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন