নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৬, ১৩ নভেম্বর ২০২৬
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। রাষ্ট্রপতির মতে, সময়োপযোগী এই প্রতিপাদ্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, পরিবার, কর্মস্থল ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ নানা গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণ ও অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হয়।
তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, নগরায়নের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। পাশাপাশি শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় ডায়াবেটিসের প্রকোপও বাড়ছে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।