স্ক্রিনে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

মোঃ আজিজুর রহমান, নোয়াখালী

প্রকাশ: ১১:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সঙ্গে বিষয়টি তদন্ত করে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে মাইক্রোবায়োলজি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে অপ্রাসঙ্গিকভাবে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়।

এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তারা এরই মধ্যে নোটিশের জবাব দিয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং সদস্যসচিব করা হয়েছে প্রক্টর অধ্যাপক এএফএম আরিফুর রহমানকে।

অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তদন্তের স্বার্থে এ সময়কালে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য।

এদিকে ঘটনার পর অধ্যাপক ড. ফিরোজ আহমেদ জানিয়েছিলেন, অনুষ্ঠানের ডিজিটাল ব্যানার ও ভিডিও তদারকির দায়িত্বে থাকা এক শিক্ষার্থী ইউটিউব থেকে জাতীয় সংগীতের একটি ভিডিও ডাউনলোড করেছিলেন। ভিডিওটির শেষ ১০ সেকেন্ডে শেখ হাসিনার ছবি ছিল, যা ওই শিক্ষার্থী আগে খেয়াল করেননি। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক খন্দকার ফাহমিদা সুলতানাও একই বক্তব্য দেন। তিনি জানান, আগে বিভিন্ন অনুষ্ঠানে অডিওতে জাতীয় সংগীত পরিবেশন করা হলেও এবার ডিজিটাল স্ক্রিনে ভিডিও ব্যবহার করা হয়। দায়িত্বে থাকা শিক্ষার্থী ভিডিওটি ইউটিউব থেকে সংগ্রহ করলেও অনুষ্ঠান শুরুর আগে পুরো ভিডিওটি যাচাই করে দেখেননি তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: