কুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান ফটক এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী রাকিবুল হাসান রামিম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী।
রাকিবুলের ভাষ্য অনুযায়ী, প্রধান ফটকের পাশে তার এক সাবেক শিক্ষার্থীর কাছে টিউশন বাবদ পাওনা টাকা নিতে যান তিনি। টাকা গ্রহণের পর চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে শহরের দিকে রওনা হলে কয়েকজন যুবক তার পথ আটকে দেন। ওই শিক্ষার্থী একজন মেয়ে হওয়ায় তার সঙ্গে রাকিবুলের সম্পর্ক নিয়েও তারা বিভিন্ন প্রশ্ন করেন বলে জানান তিনি।
রাকিবুল অভিযোগ করেন, বিষয়টি ব্যাখ্যা করার পরও ওই ব্যক্তিরা তাকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে তাকে ‘নেশাখোর’ বলে আখ্যায়িত করে মারধর করা হয়। পরে জোরপূর্বক তাকে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, একপর্যায়ে তার কাছে থাকা টাকা নিয়ে নেওয়া হয়। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন রাকিবুল।
রাকিবুলের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজনকে বিভিন্ন সময় কুয়েটের সেন্ট্রাল ফিল্ডে খেলাধুলা করতে দেখা যায়।
ঘটনার পর কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কাছে এবং ক্যাম্পাসে থাকা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রাকিবুলের দাবি, ক্যাম্পাস পুলিশ ফাঁড়িতে তার অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে তিনি খান জাহান আলী থানায় লিখিত অভিযোগ করেন।
কুয়েট প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাস প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগেও কুয়েটের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় যথাযথ বিচার বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
শীর্ষ সংবাদ: