নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জবিতে র‍্যালি-মানববন্ধনের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৯, ১৮ নভেম্বর ২০২৬

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জবিতে র‍্যালি-মানববন্ধনের ঘোষণা

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২৩ নভেম্বর ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চায় প্রশাসন। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে যা-ই ঘটুক না কেন, আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ৫ আগস্ট রাতে আমি ক্যাম্পাসে ছিলাম এবং পাহারা দিয়েছি। আমরা চাই, বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এবং দেশের সব মানুষ নিরাপদে থাকুক।’

ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে উপাচার্য বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উদারতাকে কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ‘টিম জগন্নাথ’-এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। উপাচার্য বলেন, অপরাধীর কোনো দল বা আদর্শ থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টিও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, কয়েকজন কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সচেতন করতে একটি সাধারণ নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উপাচার্য জানান, আগামী ২৩ নভেম্বর একটি ব্যানারে ‘নৈরাজ্যকে না’ স্লোগান সামনে রেখে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ কর্মসূচিতে জবি পরিবারের সব সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন