বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২১:১০, ১৬ নভেম্বর ২০২৬
একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় শিক্ষা ব্যবস্থাকে যে অবস্থায় রেখে গিয়েছিল, পরবর্তী সময়ে সেই অবস্থায় আর পাওয়া যায়নি। বিগত সরকারের সময়ে শিক্ষার অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছেন। এরই অংশ হিসেবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার গুণগত পরিবর্তনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
কারিগরি শিক্ষার প্রসারে দেশের প্রতিটি উপজেলায় দক্ষতা তৈরির সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্যও বিকল্প সুযোগের কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদ্ধতি চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী বছরগুলোতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে।
এতে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা কমবে এবং পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম ও অসাধুতা প্রতিরোধ করা সম্ভব হবে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রাথমিক স্তরের বই গত ৩১ অক্টোবরের মধ্যেই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী একযোগে পরীক্ষার ফল প্রকাশ করবেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। ওই দিন বিদ্যালয়গুলোতেও ফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়নের দায়িত্ব আগামী প্রজন্মের হাতেই। তাই নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতার সঙ্গে টিকে থাকা যায়। মুখস্থ করে পড়াশোনা নয়, অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রীসহ অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
শীর্ষ সংবাদ: