২০৩০ সালের মধ্যে ৬৫হাজার স্কুল হবে অন্তর্ভুক্তিমূলক: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

২০৩০ সালের মধ্যে ৬৫হাজার স্কুল হবে অন্তর্ভুক্তিমূলক: প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের ধৈর্য, ত্যাগ ও ভালোবাসা অনন্য। সন্তানদের জন্য তাঁরা যে দায়িত্ব ও নিষ্ঠার পরিচয় দেন, তা অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণাদায়ক। এ জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের দায়িত্ব শুধু তাদের পরিবার কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, এসব শিশুর জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা জরুরি। ‘আলোকিত শিশু’র মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আস্থা রাখুন। শুধু আপনাদের সন্তান নয়, দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি শিশু তার নিজস্ব সক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন