নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৫, ১৯ নভেম্বর ২০২৬
বুধবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলো আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জবাবে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রেমেডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে জ্যঁ পেসমেসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
শীর্ষ সংবাদ: