দ্বিতীয়বার মা হওয়ার পর আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৫৯, ২০ নভেম্বর ২০২৬

দ্বিতীয়বার মা হওয়ার পর আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে

ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি, একের পর এক সিনেমা এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তবে কয়েক মাস ধরে শুটিং, সিনেমার প্রচার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি কমে গেছে। দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।

আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে নতুন সিনেমা, ব্যক্তিগত জীবন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা সামনে এলেও এবার তাঁকে নিয়ে আলোচনার মূল বিষয় জনসমক্ষে তাঁর অনুপস্থিতি। প্রশ্ন উঠছে, কোথায় রয়েছেন বুবলী, কবে ফিরবেন অভিনয়ে?

২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বুবলী। একই ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত ‘শুটার’। দুটি সিনেমাতেই তাঁর বিপরীতে ছিলেন শাকিব খান। পরবর্তী সময়ে এই জুটির একাধিক সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। অল্প সময়ের মধ্যেই ঢালিউডের পরিচিত নায়িকাদের তালিকায় জায়গা করে নেন বুবলী।

অভিনয়জীবনের পাশাপাশি শাকিব খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁরা সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাঁদের বিয়ে হয়। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্তানের জন্ম হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে রাখেননি তাঁরা।

এবার দ্বিতীয়বার মাতৃত্বের খবর জানিয়ে আলোচনায় আসেন বুবলী। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার কথা জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মেয়ের জন্ম ১১ মে। কন্যার নাম রেখেছেন শারলিন খান। তবে সন্তান জন্মের খবর প্রকাশের পরও তাঁকে নিয়মিত জনসমক্ষে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি তুলনামূলক সীমিত।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগো প্রকাশের খবর জানিয়েছেন বুবলী। এর আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় তাঁকে দেখা যায়। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান তাঁরা। দীর্ঘ বিরতির পর এটিকে বুবলীর জনসমক্ষে ফেরার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

অভিনয়ে ফেরার পরিকল্পনাও রয়েছে এই অভিনেত্রীর। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তাঁর শুটিংয়ে ফেরার কথা থাকলেও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলেও জানা গেছে।

তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বুবলী। আপাতত নতুন মাতৃত্ব ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন তিনি। ফলে বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।

আরও পড়ুন