মন্ত্রীর বিরোধিতা উপেক্ষা করে জামায়াতের তাফসীর মাহ্ফিল অনুষ্ঠিত

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৩৯, ২০ নভেম্বর ২০২৬

মন্ত্রীর বিরোধিতা উপেক্ষা করে জামায়াতের তাফসীর মাহ্ফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামের ইউরেকা মডেল স্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) মাননীয় সংসদ সদস্য মুফতি আমীর হামজার তাফসির মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অবসর প্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম। বাসাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, অধ্যাপক মাওলানা শফিকুল ইসলামের উদ্বোধনে টাঙ্গাইল জামায়াতে ইসলামীর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  জনাব আহসান হাবীব মাসুদ উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলেন।

উল্লেখ্য যে, ইতোপূর্বে উপজেলার বহুরিয়া ইউনিয়নের উদ্যোগে মুফতি আমীর হামজার তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সখিপুর বাসাইলের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আজম খান তাতে বাঁধা প্রদান করেন। এর ফলে সমাজ কল্যাণ পরিষদ সময় ও স্থান পরিবর্তন করে নলুয়াতে মাহফিল করার ‍উদ্যোগ নেয়। সেখানেও তিনি (মন্ত্রী) বাঁধা প্রদান করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আজম খানকে প্রধান অতিথি করার কথা বললেও তিনি তা’ প্রত্যাত্থান করে মাহফিলের বিরোধিতা করেন। এ নিয়ে জামায়াত-বিএনপি’র নেতৃবৃন্দ প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা করেন। কিন্তু জামায়াত বিভিন্ন বিষয়ে ছাড় দিলেও বিএনপি অনড় অবস্থান নেয়াতে আলোচনা ফলপ্রসূ হয়নি।

এ ব্যাপারে উভয় পক্ষে টান টান উত্তেজনা বিরাজ করে। বিএনপি নেতৃবৃন্দ মাহ্ফিলের বিরুদ্ধে অবস্থান নেয়াতে জামায়াত নেতৃবৃন্দও মাহ্ফিলের পক্ষে তাদের অনড় অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দেন। সখিপুর থানার ওসি মুরাদ হোসেনও নিরাপত্তা দিতে ব্যর্থতার অজুহাতে বেঁকে বসেন। উপজেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম পরিশেষে ১৪৪ ধারা জারির সম্ভাবনার কথা বললে জামায়াত নেতৃবৃন্দও ১৪৪ ধারা ভঙ্গ করে মাহফিল করার সিদ্ধান্ত নেন। অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম গাজিপুরের কালিগঞ্জ মাহফিলের প্রসঙ্গ টেনে বলেন, সেখানেও আমরা ১৪৪ ধারা ভেঙ্গে মাহফিল করেছি, এখানেও করবো।

পরিশেষে বিএনপি নেতৃবৃন্দ একই স্থানে সভা আহবান করে মাইকিং করেন। এর ফলে আরো পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সাধারণ জনতাকে ভয় প্রদর্শন করা হয়। পরিস্থিতি মোকাবেলা করতে সখিপুর যুব জামায়াত ও শিবির প্রস্তুতিমূলক ব্যবস্থাগ্রহণ করে সতর্ক অবস্থান নেয়।

প্রথম দিকে মাহফিলে লোক উপস্থিতি কম থাকলেও বাদ এশা মাননীয় সংসদ সদস্য মুফতি আমীর হামজা মঞ্চে উঠলে ইউরেকা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লোকে লোকারণ্য তাফসির মাহফিলে জনসংখ্যার চাপে দূর থেকে প্রজেক্টর লাগিয়ে তাঁর মাহফিলে শরীক হন উৎসুক্য জনতা। শেষ পর্যন্ত কোন পক্ষই প্রতিকুলতা সৃষ্টি না করায় সফলভাবে মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সখিপুর উপজেলা আমীর অধ্যাপক আল্ আমিন, উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান, জাকারিয়া মোমেন।  বক্তব্য রাখেন, খান মুহাম্মদ মনির, রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন