পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ১৯:২৭, ২০ নভেম্বর ২০২৬
গত ১২ ও ১৯ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব ঘটনার প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিক্ষোভ মিছিল করে পাবিপ্রবি শাখা ছাত্রদল। পাশাপাশি পাবনা জেলার বিভিন্ন স্থানেও নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়। এর প্রতিবাদে ১৯ নভেম্বর রাতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ ছাড়া ১২ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এর আগের দিন ১১ নভেম্বরও বিক্ষোভ কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল।
অন্যদিকে, একই ইস্যুতে এখন পর্যন্ত পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা কিংবা পালন করতে দেখা যায়নি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মতো কর্মসূচি পালন করতে দেখা গেছে।
এদিকে, ছাত্রদলের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে পাবিপ্রবি ছাত্রশিবিরের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে সংগঠনটির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পাবিপ্রবি ছাত্রদল এসব অপতৎপরতার বিষয়ে সজাগ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আগামী ডিসেম্বর মাসজুড়ে ক্যাম্পাস ও রাজপথে সক্রিয় থাকবে। পাশাপাশি বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।”
পাবনা জেলার ভাড়ারা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আবু সাইয়িদ এর বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, 'নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু পলাতক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। আবু সাইদের পাবনাকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর বক্তব্যের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট পাবনার মানুষ সন্ত্রাস, দখলদারিত্ব ও রাজনৈতিক আধিপত্যবাদ মেনে নেবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।'
ছাত্র শিবিরের অবস্থান নিয়ে জানতে চাইলে পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, 'আমরা চাই দেশের সার্বিক পরিস্থিতি সব সময় স্বাভাবিক ও স্থিতিশীল থাকুক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। কোনো শিক্ষার্থীরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। সে জায়গা থেকে আমরা নিজেরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করিনি। আমরা আশা করছি, দেশে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা দ্রুততার সঙ্গে বিষয়টির সমাধান করবে।'
শীর্ষ সংবাদ: