বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইমন হাওলাদার, ঢাকা কলেজ

প্রকাশ: ১৬:৩১, ১৯ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কলেজে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের সাবেক ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ র‍্যালিতে অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।  

পরে র‍্যালিটি রাজধানীর সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় হয়ে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকীর রঙিন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ঘোড়ার গাড়ির ব্যবহার কর্মসূচিকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও কলেজের ১৯টি বিভাগের উদ্যোগে নানা ধরণের ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। 

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য। এ প্রতিষ্ঠান শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতেই নয়, বরং দেশের বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ৫২ ও ৭১-এর চেতনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। অথচ পাঠ্যপুস্তকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসের নিরপেক্ষতা নিশ্চিত করে সত্য ও ন্যায়ভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ কলেজের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন