প্রকাশ: ১৩:৩৮, ১৭ নভেম্বর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্যের গৌরবমণ্ডিত এই প্রাচীন বিদ্যাপীঠ যুগে যুগে জ্ঞানের আলো ছড়িয়ে আলোকিত মানুষ তৈরি করলেও সময়ের পরিক্রমায় এর শিক্ষা ও অবকাঠামোগত বাস্তবতায় যুক্ত হয়েছে নানা প্রশ্ন ও সীমাবদ্ধতা। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কতটা এগিয়েছে? বর্তমান সংকট ও সীমাবদ্ধতা কাটিয়ে আগামীর ঢাকা কলেজ নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাই বা কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা কলেজের শিক্ষা, অবকাঠামো ও সামগ্রিক পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন এই কলেজেরই বাংলা বিভাগের শিক্ষার্থী, তরুণ লেখক ও সংগঠক সজিব হোসেন।
ইতিহাসের শিকড়ে ১৮৬ বছরের অভিযাত্রা
সময় নিত্য নতুন মলিনতায় বয়ে যায় আর রেখে যায় ইতিহাসের পদচিহ্ন। তেমনি কালের প্রবাহে বিভিন্ন ঐতিহাসিক প্রতিকূলতা পেরিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৮৪১ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ। তখনকার সময়ে মনে করা হতো এটি বাঙালিদের নবীন উদিত রবি। ফলে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা কলেজের ঐতিহাসিক অবদান ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকার বিশেষভাবে স্মরনীয়। এটিই ছিল স্বদেশের প্রথম নক্ষত্র। যার আলোর উদ্ভাসিত পথে বাঙালি জনজীবন মিটমিট করে জ্বলছে। বাঙালিরা শিক্ষা সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। নবীন রবী যখন আলো ছড়ায় তখন চারিপাশের সকল মানুষ হয় আলোকিত আর পুষ্পকরথ হয়ে ওঠে পুলকিত। তেমনি এক নতুনতর বসন্ত বাতাসে সকল প্রাণ শিক্ষার ছোঁয়ায় সজীবতা লাভ করেছে। পরবর্তীতে ঢাকা কলেজ নামে ইন্টারমিডিয়েটের পাশাপাশি অনার্স ও মার্স্টাস বিভাগ চালু করলে শিক্ষার আরো অশেষ প্রসার ঘটতে শুরু করে। আর স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা কলেজের অবদান অনস্বীকার্য। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অবদান থেকে বঙ্গভঙ্গ, নাথান কমিশন, ভাষা আন্দোলন, মহান মুক্তি সংগ্রাম; সবকিছুতেই বিদ্যাপীঠটির অবস্থান ছিল সংগ্রামীচেতনায় তাৎপর্যবহুল ও উজ্জীবিত।
সৈকত মল্লিক
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় কেবল তার অবকাঠামো কিংবা শিক্ষার্থীর সংখ্যায় সীমাবদ্ধ নয়; তার প্রকৃত পরিচয় গড়ে ওঠে জ্ঞানচর্চা, চিন্তার স্বাধীনতা ও প্রজন্ম গঠনের মধ্য দিয়ে। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ সেই ঐতিহ্যেরই এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ পথপরিক্রমায় প্রতিষ্ঠানটি অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান অন্বেষণ, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রেখেছে। শ্রেণিকক্ষের পাঠ্যজ্ঞান ছাড়িয়ে বই পড়া, যুক্তিনির্ভর চিন্তা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এখানে গড়ে উঠেছে এক সমৃদ্ধ শিক্ষাবান্ধব পরিবেশ। সময়ের পরিবর্তনে শিক্ষার ধরন বদলালেও ঢাকা কলেজের ঐতিহ্য ও জ্ঞানচর্চার গুরুত্ব আজও অম্লান। অতীতের গৌরবকে ধারণ করে ভবিষ্যতের জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক—এটাই প্রত্যাশা। “ঐতিহ্যের আলোয় এই প্রতিষ্ঠানের আগামীর পথচলা হোক আরও সমৃদ্ধ ও মসৃণ; এখানকার প্রতিটি শিক্ষার্থী খুঁজে পাক জ্ঞান, প্রজ্ঞা ও আলোকিত ভবিষ্যতের দিশা।”
ইমরান ফয়সাল
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ।
ঢাকা কলেজ কেবল ইট-পাথরের কোনো দালান নয়, এটি যেন সময়ের বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। ১৮৪১ সাল থেকে এই বিদ্যাপীঠ জ্ঞানের আলো ছড়িয়ে গড়ে তুলেছে অসংখ্য আলোকিত মানুষ।
এই কলেজের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে কীর্তিমান ব্যক্তিদের স্মৃতি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বদরুদ্দোজা চৌধুরী ছিলেন এই কলেজের শিক্ষার্থী। বিজ্ঞানী মেঘনাদ সাহা, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং কবি শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াসের মতো গুণী ব্যক্তিরাও এই বিদ্যাপীঠের গর্ব। যাদের পদাচারণায় মূখর ছিল এই ক্যাম্পাস। তাঁদের সাফল্য ও অবদান আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। এই ক্যাম্পাসে হাঁটলে নিজেকেও ইতিহাসের একটি কণা মনে হয়। তাঁদের ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায়। ইতিহাস আলোকিত এই জ্ঞানী-গুণী ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে চাই।
তরিকুল ইসলাম
শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ।
১৮৬ বছরের গৌরবময় ইতিহাস ধারণ করলেও ঢাকা কলেজের বর্তমান বাস্তবতা যেন ঐতিহ্যের সঙ্গে এক নীরব বৈপরীত্য তৈরি করেছে। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে শ্রেণিকক্ষ মাত্র ৬৪টি। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে কোথাও বারান্দা কিংবা অন্য বিভাগের কক্ষে চলছে ক্লাস। জরাজীর্ণ ভবন, পর্যাপ্ত আসবাবের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। আবাসন সংকটও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ। সাতটি ছাত্রাবাসে আসন রয়েছে মাত্র ১ হাজার ৩৬৪টি। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আবাসিক সুবিধার বাইরে থাকতে হচ্ছে।
অন্যদিকে, প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত পরিবহন, গ্রন্থাগারে পর্যাপ্ত বই ও আসনের অভাব এবং আধুনিক গবেষণাগার ও পরীক্ষাগারের সীমাবদ্ধতা শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসব সংকটের পাশাপাশি প্রশাসনিক দীর্ঘসূত্রতা, সমন্বয়হীনতা এবং কার্যকর উদ্যোগের অভাবও শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান বাড়িয়ে তুলছে। দীর্ঘদিন ধরে আলোচিত সমস্যাগুলোর দৃশ্যমান সমাধান না হওয়া প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করে। সবচেয়ে বেদনাদায়ক হলো, যে প্রতিষ্ঠান একসময় জ্ঞানচর্চা ও নেতৃত্ব তৈরির বাতিঘর ছিল, সেখানে আজ মৌলিক সুযোগ-সুবিধার জন্য শিক্ষার্থীদের সংগ্রাম করতে হচ্ছে। ইতিহাসের গৌরব তখনই অর্থবহ হবে, যখন তার প্রতিফলন ঘটবে বর্তমানের শিক্ষার পরিবেশে।
আব্দুল্লাহ আল ফয়সাল
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।
উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ঢাকা কলেজ। ১৮৬ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য ধারণ করলেও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সামনে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। অতীতের অর্জনকে ধারণ করে ভবিষ্যতের সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ। শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষগুলোকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর, পুরোনো ভবন সংস্কার এবং শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী নতুন ভবন নির্মাণ জরুরি। পাশাপাশি গ্রন্থাগারের পরিসর ও রিডিং রুমের আসনসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বইয়ের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি মাধ্যমে পাঠদানের সুযোগ সম্প্রসারণ, নিয়মিত প্রেজেন্টেশন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং আধুনিক গবেষণার পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরিবহন সংকট নিরসনে পুরোনো বাস সংস্কারের পাশাপাশি মানসম্মত নতুন বাস চালু করাও জরুরি। সর্বোপরি, প্রশাসনিক দক্ষতা, পরিকল্পিত বিনিয়োগ, জবাবদিহি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঢাকা কলেজকে আধুনিক, গবেষণামুখী ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। কারণ, ঐতিহ্যের প্রকৃত মর্যাদা কেবল অতীতের গৌরবে নয়, বরং সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার সক্ষমতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনাময় শিক্ষার পরিবেশ তৈরির মধ্যেই নিহিত।
মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।
১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ঢাকা কলেজ বাংলাদেশে উচ্চশিক্ষার এক উজ্জল নক্ষত্র।১৮৬ বছরের গৌরবময় ইতিহাসের পাশাপাশি তৈরি হয়েছে নানা সংকট,সম্ভাবনা ও নতুন স্বপ্ন।ঢাকা কলেজে আধুনিক লাইব্রেরি,আবাসন,উন্নত গবেষণাগার ও অবকাঠামোগত জরাজীর্ণতা এই সংকটগুলো এখনো বিদ্যমান।বিভাগভিত্তিক আধুনিক লাইব্রেরি ও গবেষণাগারের ব্যবস্থা এবং আবাসনের জন্য নতুন হল নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন হতে পারে এর কার্যকরী সমাধান।প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজের রয়েছে বিশাল নেটওয়ার্কিং ও দক্ষ নেতৃত্ব।
এই বিশাল ও সফল অ্যালামনাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য গবেষণা তহবিল ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা যেতে পারে।ঢাকা কলেজের আগামীর স্বপ্ন একটি আধুনিক ও গবেষণাধর্মী 'সেন্টার অব এক্সিলেন্সে' পরিণত হবে।
যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষ,মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
তানভীর রহমান
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান ঢাকা কলেজ
শীর্ষ সংবাদ: