এসআরবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৩, ১৯ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়ে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. তারিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, রাজশাহীর তানোর থেকে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে আমনুরা ধীনগর মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টের কাছে একটি অটোচার্জার ভ্যান পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে কী আছে জানতে চাইলে চালক অসংলগ্ন কথাবার্তা বলেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে বস্তা তল্লাশি করে ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপে মোড়ানো চারটি পোটলায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তার তারিফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আলম এবং মায়ের নাম মোছা. ছেরিনা খাতুন।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন