এসআরবির অভিযানে গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ১৮:৪৯, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫২, ১৮ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় আলোচিত জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তল ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে পাওয়া তথ্য অনুযায়ী, জর্দা শামীম গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে আরও জানা যায়, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল গৌরনদী থানার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযান পরিচালনাকারীরা তাদের আটক করেন।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। পাশাপাশি ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা কার্তুজের সংখ্যা ২ হাজার ৭৬১।

এ ছাড়া অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন