নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৮, ১৭ নভেম্বর ২০২৬
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফরিদপুরের মধুখালী থানাধীন ৭ নম্বর কামালদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায় যৌথ আভিযানিক দল। এ সময় রাজশাহীর পুঠিয়া থানার হত্যা মামলার পলাতক আসামি মোঃ শাহীনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর পুঠিয়া থানার বারইপাড়া এলাকার মোঃ আত্তাবের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ রবিউল ইসলাম (৪৩) এবং আসামি শাহীন ও তাঁর ছেলে মোঃ স্বাধীন (২০) পরস্পর আত্মীয়। তাঁদের বসতবাড়িও পাশাপাশি অবস্থিত। গত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে বাদীর স্ত্রীর বড় বোন রোজিয়ার (৪৮) সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়।
এর জেরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহীন ও তাঁর ছেলে স্বাধীন লোহার হাতুড়ি এবং জ্বলন্ত আগুনসহ কাঠের খড়ি নিয়ে পরিকল্পিতভাবে রবিউল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁর ছেলে রুহুলের (২২) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে রুহুল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে রুহুলের মৃত্যু হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় ১১ নম্বর মামলা (তারিখ: ১৯ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪৪৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামি মোঃ শাহীনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।