তালাকের তথ্য গোপন করে সাড়ে ৩ বছর সংসার, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০০, ১৭ নভেম্বর ২০২৬

তালাকের তথ্য গোপন করে সাড়ে ৩ বছর সংসার, স্বামী গ্রেপ্তার

তালাকের তথ্য গোপন রেখে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন দাম্পত্য সম্পর্ক বজায় রাখার অভিযোগে মোঃ সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১১-এর সিপিএসসি, আদমজিনগর, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ নভেম্বর ভুক্তভোগী নারীর সঙ্গে সুমনের ইসলামী শরিয়াহ ও প্রচলিত আইন অনুযায়ী বিয়ে হয়। তাঁদের সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দাম্পত্য জীবন চলমান থাকা অবস্থায় ২০২২ সালের ১৭ নভেম্বর সুমন গোপনে স্ত্রীকে তালাক দেন। তবে তালাকের বিষয়টি স্ত্রী ও তাঁর পরিবারকে না জানিয়ে তালাকনামা গোপন রাখেন তিনি।

অভিযোগ অনুযায়ী, তালাকের বিষয়টি গোপন করে বৈধ স্বামী হিসেবে পরিচয় দিয়ে ২০২৬ সালের ১৭ জুলাই পর্যন্ত প্রায় তিন বছর আট মাস স্ত্রীর সঙ্গে সংসার ও দাম্পত্য সম্পর্ক বজায় রাখেন সুমন। পরে ওই বছরের ১৭ জুলাই প্রকাশ্যে তালাকের বিষয়টি জানান এবং স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনায় তালাকের তথ্য গোপন করে প্রতারণা ও সম্ভ্রমহানির অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ পিটিশন মামলা করেন। আদালতের নির্দেশে গত ৩ নভেম্বর মাদারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়।

এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তার সুমন মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন