শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১৭, ১৭ নভেম্বর ২০২৬

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল,  স্ত্রী খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের ভাড়াটে সোহেল রানা কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন।

সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে থাকেন তার মা। একপর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। পরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের একটি বালতিতে তার মাথা পাওয়া যায়।

মামলার বিবরণে আরও বলা হয়, লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

ঘটনার পর পুলিশ প্রথমে ঘটনাস্থল থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করে। পরে সোহেল পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়।

সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি কারাগার থেকে জেল আপিল করেন। এসব আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং স্বপ্না খাতুনকে খালাস দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন