প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৯, ১৭ নভেম্বর ২০২৬

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।

প্রাথমিক পরীক্ষা শেষে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে। সব পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।

কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন