নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৩, ১৭ নভেম্বর ২০২৬
আহত রবিউল ইসলাম লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লক্ষীপাশা মারকাজ মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, হামলায় তার মাথায় গুরুতর জখম হয়েছে এবং একটি হাত ভেঙে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।