এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ১৫:২৪, ১৭ নভেম্বর ২০২৬
ডা. শাহাদাত হোসেন বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না পেলে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই নগরের কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা, ভাসমান জনগোষ্ঠী এবং নিয়মিত টিকাদানের বাইরে থাকা শিশুদের চিহ্নিত করতে হবে।
তিনি জানান, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চট্টগ্রাম নগরে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়। এরপর গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাচআপ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
চসিক প্রশাসক বলেন, চলমান ক্যাচআপ কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। মূল টিকাদান কর্মসূচি ও ক্যাচআপ কার্যক্রম মিলিয়ে নগরে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করতে বাড়ি বাড়ি অনুসন্ধান চালানো হচ্ছে। এসব শিশুর তালিকা হালনাগাদ করে অতিরিক্ত ও বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা করা হয়েছে। চসিকের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নিয়মিত কর্মসূচির আওতায় ৯ ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার নির্ধারিত ডোজ নেওয়া শিশুরাও বিশেষ ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা পাবে, যদি আগে ক্যাম্পেইনের ডোজ না নিয়ে থাকে। তবে আগের ডোজের সঙ্গে ক্যাম্পেইনের ডোজের ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগে কোনো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ুক, তা কাম্য নয়। টিকাদান শিশুস্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। তাই নিজের শিশুর টিকা নিশ্চিত করার পাশাপাশি আশপাশে কোনো শিশু টিকা না পেয়ে থাকলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রকে জানাতে হবে।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ইউনিসেফ চট্টগ্রামের হেলথ অফিসার ডা. দেলোয়ার হোসেন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ডা. সরোয়ার আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. ইমং প্রু চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।