নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০, ১৭ নভেম্বর ২০২৬
সাভার ও আশুলিয়া এলাকার পরিস্থিতি সম্পর্কে জানা যায়, সকালে হেমায়েতপুরের বাগবাড়ী এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন এবং হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতেও শ্রমিকরা সড়ক না ছাড়লে একপর্যায়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, এই এলাকায় কেবল স্টারলিং গ্রুপের কারখানাতেই আন্দোলন চলছে। তবে আশুলিয়ার খেজুর বাগান এলাকায়ও সকালে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
অন্যদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও সকাল থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে একের পর এক কারখানা ছুটি ঘোষণা করলে হাজারো শ্রমিক রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও বিশাল এই শ্রমিক জমায়েত ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের দুই পাশে হাজার হাজার শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভে সংহতি জানান।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও পরে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুলসংখ্যক সদস্য টহল দিচ্ছেন।