আনোয়ারার পারকি সৈকতে তিন কিলোমিটারজুড়ে কাদা-পলির স্তর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

আনোয়ারার পারকি সৈকতে তিন কিলোমিটারজুড়ে কাদা-পলির স্তর

চট্টগ্রামের আনোয়ারায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতের প্রাকৃতিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। বিস্তীর্ণ বালুচর, লাল কাঁকড়ার বিচরণ ও ঝাউবনঘেরা সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকায় এখন জমেছে কাদা-পলির স্তর। গত পাঁচ বছরের বেশি সময় ধরে এ পরিবর্তন দৃশ্যমান হলেও সৈকত রক্ষায় কার্যকর উদ্যোগ না থাকায় ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, সৈকত থেকে বালু উত্তোলন, ঝাউবন ধ্বংস, বেড়িবাঁধ কেটে পানি নিষ্কাশন, প্রাকৃতিক দুর্যোগ ও উপকূলীয় স্রোতের পরিবর্তনসহ নানা কারণে পারকির পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। একসময় বালুর ওপর দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা গেলেও এখন অনেক এলাকায় নরম কাদা ও পলিমাটির বিস্তৃতি। অথচ প্রায় দুই কিলোমিটার দূরের পরুয়াপাড়া এলাকায় এখনো স্বাভাবিক বালুচর ও ঢেউ দেখা যায়।

ভৌগোলিকভাবে পারকি সৈকত কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি। নদীবাহিত পলি, জোয়ার-ভাটা ও উপকূলীয় স্রোতের মাধ্যমে পলি সৈকতে জমতে পারে। স্রোতের গতিবেগ কমে গেলে সূক্ষ্ম পলিকণা জমার প্রবণতা বাড়ে। তবে পারকিতে পলি জমার প্রকৃত কারণ ও উৎস নির্ধারণে বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম অভিযোগ করেন, সৈকতের অদূরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাট করতে ড্রেজার দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সৈকতের বালিয়াড়ি ধ্বংস হচ্ছে। এর আগেও পর্যটন কমপ্লেক্সের জমি ভরাটের জন্য সৈকত থেকে বালু উত্তোলন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চক্র বালু উত্তোলন ও ভরাট-বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাঁর।
তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্মিলিত প্রভাবে পারকির ঝাউবন ও বিশাল বালুচর কাদামাটির চরে পরিণত হচ্ছে। তিনি পরিবেশ অধিদপ্তর, পর্যটন করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পরিদর্শন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও সৈকতের অনেক ব্যবসায়ীরা  বলেন, দীর্ঘদিন ধরে পারকি সৈকত রক্ষার দাবি জানানো হলেও বালু উত্তোলন, দখল ও ভরাট কার্যক্রমের কারণে সৈকত ধ্বংস হয়েছে। এখন সৈকতে নামলেই কাদা, স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও কঠিন। এতে পর্যটকের সংখ্যা কমছে। পাশাপাশি একটি চক্র বেড়িবাঁধ দখল করে সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা আরো বলেন, দ্রুত সৈকত রক্ষার উদ্যোগ না নিলে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সও পর্যটকদের আকৃষ্ট করতে পারবে না। সৈকতকে দখল ও অবৈধ বালু উত্তোলনমুক্ত করে পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি।
পারকি সৈকতসংলগ্ন কর্ণফুলী নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলী বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের দাবি করেছেন। তবে উত্তোলনের পরিমাণ, অনুমোদিত এলাকার সীমানা ও পরিবেশগত প্রভাব যাচাই করা জরুরি।
সৈকতের পরিবেশ পরিবর্তনের ইতিহাসে আটকে পড়া জাহাজের ঘটনাও রয়েছে। ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ‘ক্রিস্টাল গোল্ড’ নামের একটি জাহাজ সৈকতে আটকা পড়ে। দীর্ঘদিন জাহাজটি সেখানে অবস্থান করায় প্রায় আধা কিলোমিটার এলাকায় পলি জমেছে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

সৈকতের বিভিন্ন অংশে ঝাউগাছের গোড়া থেকে বালু সরে যাওয়ায় গাছ উপড়ে পড়েছে। আগে বালুচরে লাল কাঁকড়ার ব্যাপক বিচরণ দেখা গেলেও এখন তাদের উপস্থিতি কমেছে। প্রায় দুই কিলোমিটার দূরের অপেক্ষাকৃত স্বাভাবিক বালুময় এলাকায় কাঁকড়ার বিচরণ দেখা যাচ্ছে। আবাসস্থলের পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৈকতের কোথাও ভূমিক্ষয়, আবার কোথাও কাদা-পলি জমার বিপরীত প্রক্রিয়া উপকূলীয় পরিবেশের ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এ অবস্থায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সমুদ্রস্রোত, পলি পরিবহন, বালু উত্তোলনের প্রভাব ও ভূমিক্ষয়ের কারণ নির্ধারণে সমন্বিত বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পুর ও ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পারকি সৈকতের সংকটের পেছনে তিনটি কারণ রয়েছে। এর মধ্যে দুটি মানবসৃষ্ট ও একটি প্রাকৃতিক। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে মাটি আলগা হয়ে ঢেউয়ের তোড়ে সৈকতে চলে আসতে পারে। কর্ণফুলী নদী থেকে প্রতিদিন অপরিশোধিত বর্জ্যও নামছে, যা ঢেউয়ের ধাক্কায় পারকি সৈকতে পলি স্তর তৈরি করতে পারে। এছাড়া সাগরের নিচে ভূমিকম্প হলে প্রাকৃতিকভাবে কাদা-মাটি উঠে আসতে পারে।
সমাধান হিসেবে বেড়িবাঁধে চারকোণা ব্লকের পরিবর্তে তিনকোণা ব্লক বসানো এবং বাঁধের সঙ্গে উঁচু ওয়াকওয়ে নির্মাণের পরামর্শ দেন তিনি। দক্ষিণ কোরিয়ায় এ ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে উল্লেখ করে বলেন, ওয়াকওয়ের পর তিনকোণা ব্লক বসালে কাদা-মাটি জমলেও তা আবার সাগরে ফিরে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সৈকত এলাকা থেকে বালু উত্তোলন করে পর্যটন কমপ্লেক্স, টানেল সার্ভিস এরিয়াসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভরাট কার্যক্রম চালিয়েছেন। সরকার পরিবর্তনের পর বর্তমানে বিএনপির একাংশের শীর্ষ নেতারাও একইভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আনোয়ারা উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান, পারকি সৈকত রক্ষায় ৫৪৮ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় সৈকতের তীর সংরক্ষণ এবং সৈকত থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত টেকসই আধুনিক ব্লক বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এ ছাড়া প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৫০ থেকে ১ দশমিক ৮০ মিটার পানি নিষ্কাশন অবকাঠামো (১৪টি, দুই-ভেন্ট) নির্মাণের প্রস্তাব রয়েছে। ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ হেক্টর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী উন্মুক্ত ভূমিতে সবুজ বনায়ন করে ঝাউবন সৃষ্টির পরিকল্পনা রয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৬০০ কিলোমিটার সাপমারা খাল খনন, ছয় কোটি টাকা ব্যয়ে পৌনে তিন কিলোমিটার সড়ক নির্মাণ এবং ১৪৩ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও অফিস ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রকল্পে।
প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান প্রকৌশলী বর্ণ হক। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পারকি সৈকতের আধুনিকায়ন, পর্যটন সুবিধা বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন