এম. শাহাবুদ্দিন মোল্লা, ঢাকা
প্রকাশ: ১৮:২২, ১৯ নভেম্বর ২০২৬
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর (শনিবার) বাদ জোহর (দুপুর ১টা ১৫ মিনিটে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। একই দাবিতে ২৫ নভেম্বর (বুধবার) ঢাকা ব্যতীত দেশের ১১টি মহানগরীতে, ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) জেলা সদরে এবং ৩০ নভেম্বর (সোমবার) দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন এবং ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে— ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা। এ ছাড়া ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজন করা হবে। এরপর ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষভাগে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।
ঘোষিত এসব কর্মসূচি সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যম ও সব শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
শীর্ষ সংবাদ: