এসআরবির অভিযানে ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৭, ১৯ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শহিদুল ইসলাম ওরফে জাহিদুল ওরফে জাইদুলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম কোতোয়ালি থানার মাদক মামলা নম্বর ৭৩-এর আসামি। ২০২৩ সালের ২০ জুন দায়ের করা ওই মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে। পরে ঢাকা বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি থানার চরমরিচা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন