খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৯, ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার প্রেক্ষাপটে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে অধিকাংশ দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পরিবহন মালিকেরা ঢাকাগামী বাসের নির্ধারিত শিডিউল বাতিল করেন। একই দিন খুলনা নগরীর বিভিন্ন পরিবহন কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, বুধবার বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠন মহানগর ছাত্রদল ও যুবদলের একদল নেতাকর্মী আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের একাধিক বাস কাউন্টারে যান। এ সময় সাইনবোর্ডে লেখা ‘টুঙ্গিপাড়া’ নামটি কালো কালি দিয়ে মুছে দেওয়া হয় এবং কয়েকটি স্থানে ব্যানার-ফেস্টুন উল্টে দেওয়া হয়। রয়্যাল মোড়ের একটি কাউন্টারে কালি না থাকায় কালো কাপড় দিয়ে নামটি ঢেকে দেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা খুলনায় ‘টুঙ্গিপাড়া’ নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়ীগেট এলাকার একটি বাস কাউন্টার থেকেও একইভাবে ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দেন যুবদলের নেতাকর্মীরা।
সরেজমিনে বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস বন্ধ থাকায় টার্মিনালে যাত্রীদের ভিড় ও ভোগান্তি বেড়েছে। সেখানে ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারগুলো বন্ধ পাওয়া যায়। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও কোনো বাস ছেড়ে যায়নি। এ ছাড়া এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। তবে নগরীর অভ্যন্তরীণ ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
ফাল্গুনী পরিবহনের সোনাডাঙ্গা কাউন্টার ব্যবস্থাপক আবিদ হাসান জানান, বুধবার সকালে তাঁদের দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও বিকেলের নির্ধারিত বাসগুলো চলেনি। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) শিডিউল থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, অবরোধের কারণে বৃহস্পতিবার তাঁদের সব বাস চলাচল বন্ধ থাকবে। তিনি আরও জানান, কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম রাখা হলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়ে পুলিশ কিছু জানে না এবং এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই উল্লেখ করে ওসি দাবি করেন, বাস চলাচল স্বাভাবিক থাকবে।
শীর্ষ সংবাদ: