রায়পুরায় ১৫ বছর নির্বাচন নেই, চেয়ারম্যান অপসারণের দাবি

রায়পুরা, নরসিংদী।

প্রকাশ: ১৮:৩০, ১৯ নভেম্বর ২০২৬

রায়পুরায় ১৫ বছর নির্বাচন নেই, চেয়ারম্যান অপসারণের দাবি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলীয় চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদোত্তীর্ণ চেয়ারম্যানের অপসারণ, প্রশাসক নিয়োগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ‘চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও, সীমানা নির্ধারণসংক্রান্ত মামলার জটিলতার কারণে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এ ইউনিয়নে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বর্তমান চেয়ারম্যান মোমেন সরকারের দায়ের করা মামলার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া এবং চেয়ারম্যান নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় কালিকাপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়টি তালাবদ্ধ থাকে। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এ ছাড়া পরিষদের একাধিক সদস্য মারা যাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতেও জনপ্রতিনিধির শূন্যতা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বরকত উল্লাহ, রাহাত উদ্দিন, ফায়েজ উদ্দিন, কবির মিয়া ও নান্নু মিয়াসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় বক্তারা অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে মেয়াদোত্তীর্ণ চেয়ারম্যানকে অপসারণ, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন