নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৪, ১৯ নভেম্বর ২০২৬
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী এবং জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচার চাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, প্রচলিত বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ পরিবারগুলো, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষ, আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ছেন। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে যাওয়ার আগেই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে নতুন মামলার হার কমানোর পাশাপাশি প্রচলিত বিচারব্যবস্থার ওপর চাপ কমানো যায়।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য দেন। অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
শীর্ষ সংবাদ: