২১ জেলায় তাণ্ডব ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৪, ১৯ নভেম্বর ২০২৬

২১ জেলায় তাণ্ডব ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা 

 মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার রাত পর্যন্ত দেশের অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব সহিংসতায় তিন বিএনপি নেতাসহ মোট চারজন নিহত হয়েছেন।

নিহতদের পরিচয়:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। এ ছাড়া বুধবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভেতরে ঘুমন্ত হেলপার সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান।

হামলা ও অগ্নিসংযোগ:
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি এমপি ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ফরিদপুর, নাটোর, চট্টগ্রাম ও নেত্রকোনায় বিএনপির কার্যালয় ও নেতাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ঘটেছে।

রাজশাহী, হবিগঞ্জ, যশোর ও টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। পিরোজপুর, নারায়ণগঞ্জ ও রংপুরে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয় এবং নেত্রকোনার বারহাট্টায় দুটি স্থানে রেললাইনে আগুন ধরানো হয়।

জনদুর্ভোগ ও নিরাপত্তা:
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী রুট এবং গোপালগঞ্জ হয়ে বরিশাল রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ১৯ নভেম্বরের লকডাউন এবং ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন