নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন জবির দল‘গ্যালাকটিক পোয়েট’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৭, ১৮ নভেম্বর ২০২৬

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন জবির দল‘গ্যালাকটিক পোয়েট’

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দল ‘Galactic Poet’। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ শিক্ষার্থী নিয়ে গঠিত দলটির নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার তাজওয়ার আসফি। দলের অন্য সদস্যরা হলেন মো. রমজান মিয়া, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান। এর আগে আসফি ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’-এ ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জবির দল ‘Quantum Voyager’-এর সদস্য ছিলেন।

এবারের প্রতিযোগিতায় দলটির প্রকল্পের নাম ‘Rover Villa’। মহাকাশে পাঠানো রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোব এবং সেগুলোর অভিযান নিয়ে জাদুঘরের আদলে একটি স্মারক তৈরি করেছেন তারা। বরেণ্য ব্যক্তিদের যেভাবে স্মরণ করা হয়, একইভাবে এসব মহাকাশযানের প্রতিটির গল্পও তুলে ধরা হয়েছে প্রকল্পটিতে। এর মাধ্যমে স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা মহাকাশ নিয়ে আগ্রহী যে কেউ সহজেই এসব যন্ত্র ও তাদের অভিযান সম্পর্কে জানতে পারবেন।

জয়ের অনুভূতি জানিয়ে দলের টিম লিডার মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, “এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।”

স্থানীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় ‘Galactic Poet’ গ্লোবাল রাউন্ডের জন্য মনোনীত দল হিসেবে পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে তাদের প্রকল্প। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল রাউন্ডের মনোনীত দলগুলোর নাম ঘোষণার কথা রয়েছে।

পৃথিবী ও মহাকাশের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে নাসা এ আন্তর্জাতিক হ্যাকাথনের আয়োজন করে। এ বছর ১৪ ও ১৫ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্পেস অ্যাপসের অফিশিয়াল ইভেন্ট তালিকা অনুযায়ী, এবার ১১০টির বেশি দেশ ও অঞ্চলে প্রায় ৬০০টি স্থানীয় ইভেন্টে দলগুলো অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশে ছিল ৯টি স্থানীয় ইভেন্ট।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন