ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৯, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০১, ১৭ নভেম্বর ২০২৬
এদিকে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীও তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের একজনের দাবি, তিনি নিজেও র্যাগিংয়ের শিকার এবং ঘটনার বিরুদ্ধে অভিযোগপত্র লিখেছিলেন। অন্যজনের দাবি, সিনিয়রদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়ায় তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে। পাশাপাশি বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) সাব্বির আহমেদ বন্ধুদের হয়ে ‘ক্লাস শেষ তোমরা যারা আসতে চাচ্ছিলে চলে আসো’ মর্মে নোটিশ দেওয়ায় ১ বছরের বহিষ্কার করার অভিযোগ ওঠেছে।
সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী— সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিম। অন্যদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসান।
এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চার শিক্ষার্থীকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোকপ্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী রয়েছেন।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ট্যুরিজম বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং অন্য ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
তদন্ত কমিটি গঠন ও সাক্ষাৎকারের নথি;
প্রাপ্ত নথি অনুযায়ী, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাকসুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা।
চিঠিতে উপ-কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ প্রদানের অনুরোধ জানানো হয়েছিল।
এদিকে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ১৮ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এছাড়া ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপ-কমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়।
তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। এমনকি অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও নেওয়া হয়নি।
যা বলছেন বহিষ্কৃত শিক্ষার্থীরা:
সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলে সাদমান সাকিব ইরফান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের বহিষ্কারের সিদ্ধান্তে আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আমাকে একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার বক্তব্য শোনা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কিংবা অভিযোগের বিষয়ে আমার অবস্থান জানারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য না শুনেই কীভাবে একটি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার ভিত্তিতে কীভাবে এক বছরের মতো কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
আরেক শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান বলেন, ‘মাত্র এক নিমিষেই জীবনের ৩৬৫টি দিন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেদিন থেকে এই সিদ্ধান্তের কথা শুনেছি, সেদিন থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছি। কেন, কোন যুক্তিতে এবং কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আজও আমার কাছে স্পষ্ট নয়। তদন্ত কমিটির পক্ষ থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অথচ শাস্তির আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে আমার শিক্ষাজীবন আজ অনিশ্চয়তার মুখে। একটি ভুলের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে যাক, তা কখনোই চাই না। আমি আমার ভুলের দায় এড়িয়ে যেতে চাই না, শুধু ন্যায়বিচারের সুযোগটুকু চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীত আবেদন, বিষয়টি পুনরায় বিবেচনা করে অন্তত একবার আমাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হোক। আমার শিক্ষাজীবন ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সিদ্ধান্তটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করবেন—এই প্রত্যাশা রাখছি।’
শিক্ষার্থী শাহরিয়ার জুবায়ের ফাহিম বলেন, ‘গত ১৪ তারিখ বিকেলে হঠাৎ জানতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জানার পর থেকে আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত।
এর আগে আমাদের বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভাগীয়ভাবে তদন্ত হয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও কষ্টের বিষয় হলো, তদন্ত কমিটি যাদের নামের তালিকা দিয়েছিল, সেই তালিকায় আমার নাম ছিল না। আমাকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, আমার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি।
অথচ শেষ পর্যন্ত বহিষ্কারের তালিকায় আমার নামও যুক্ত করা হয়েছে। আমাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে!
আমি অস্বীকার করছি না, আমাদের ভুল থাকতে পারে। কোনো ভুল হয়ে থাকলে তার দায় এড়িয়ে যাওয়ারও ইচ্ছা আমার নেই। কিন্তু একটি মানুষের জীবন, তার শিক্ষাজীবন ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার আমার বক্তব্য শোনার প্রয়োজন কি ছিল না? নিজের অবস্থান ব্যাখ্যা করার, ভুল স্বীকার করার কিংবা আত্মপক্ষ সমর্থনের সামান্য সুযোগটুকুও কি আমি পেতে পারতাম না?
আমি শুধু চাই, আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। অন্তত একবার আমার কথাগুলো শোনা হোক। কারণ, আমিও একজন শিক্ষার্থী, আমারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে।’
নবীন শিক্ষার্থী হয়েও বহিষ্কারের তালিকায় দুইজন:
২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাথীর মোহাম্মদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র ১১-১২ দিনের মাথায় র্যাগিং-সংক্রান্ত একটি ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে আমাকে সিনিয়রদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পারি।
আমি স্পষ্টভাবে বলতে চাই, র্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করিনি, কাউকে উৎসাহিত করিনি কিংবা কোনো সিনিয়রের সহযোগী হিসেবেও কাজ করিনি। আমি শুধু সহপাঠীদের বলেছিলাম, আমরা যেহেতু নতুন, তাই আগে সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। আমার এই কথার উদ্দেশ্য কোনো অন্যায় আড়াল করা ছিল না। তদন্ত কমিটির সামনেও আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অথচ আমার সেই কথার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
আমি র্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে সম্মান করি এবং আমিও একটি র্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই। তবে আমার প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে মাত্র ১১-১২ দিন আগে আসা একজন নবীন শিক্ষার্থী কীভাবে এমন ঘটনার সহযোগী হিসেবে বিবেচিত হতে পারে?
আমার ব্যক্তিগত জীবনও অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মাত্র পাঁচ মাস আগে আমার বড় ভাইকে হারিয়েছি। আমার মা মানসিকভাবে বিপর্যস্ত এবং বাবা হৃদরোগে আক্রান্ত। পরিবারের একমাত্র আশার জায়গা এখন আমি। এমন পরিস্থিতিতে এক বছরের বহিষ্কার আমার ও পরিবারের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।
মাননীয় প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন, আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট মানবিকভাবে বিবেচনা করে এক বছরের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিন।
আরেক নবীন শিক্ষার্থীরা মো. মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র কয়েক দিনের মাথায় এক অনাকাঙ্ক্ষিত র্যাগিংয়ের ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে আমাকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অথচ র্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি জড়িত তো ছিলামই না, বরং আমি নিজেও এই ঘটনার একজন ভুক্তভোগী! এমনকি র্যাগিংয়ের বিরুদ্ধে ১৬ জন শিক্ষার্থীর দেওয়া মূল অভিযোগপত্রটি আমার নিজের হাতে লেখা এবং সেখানে প্রথম স্বাক্ষরকারীও ছিলাম। সিআর হওয়ার কারণে সবার সঙ্গে যে সাধারণ যোগাযোগ রক্ষা করতে হতো, সেটির ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে।
বহিষ্কারের তালিকায় আমার নাম দেখে সহপাঠীসহ সবাই হতবাক। আজ প্রশ্ন জাগে—ব্যাচের সিআর হওয়াই কি আমার অপরাধ ছিল? আমি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী। আগেই জীবন থেকে একটি বছর চলে গেছে। এখন চাইলেও অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই। বিনা অপরাধে এই শাস্তি আমার পুরো শিক্ষাজীবন ধ্বংস করে দিচ্ছে।
বিভাগ ও তদন্ত কমিটির বক্তব্য:
এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহিষ্কারের ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পাইনি। এছাড়াও তদন্ত কমিটির পক্ষ থেকে যাদের ডাকা হয়েছিল, তাদেরকে নিয়েই সাক্ষাৎকারে গিয়েছি আমরা। এ ব্যাপারে কেউ এখনো আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’
অন্যদিকে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই আমরা সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তদন্ত রিপোর্ট সিল করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
তিন শিক্ষার্থীর সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষাৎকার ব্যতীত কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। গোপনীয়তার নীতির স্বার্থে আমি তদন্ত রিপোর্টের বিস্তারিত জানাতে পারব না।’
শীর্ষ সংবাদ: