নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা করা হয়েছে।
এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ইউ টিন উ লুইন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য ও অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।
ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে বিশেষ সাক্ষাৎকার দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। এতে বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষ ও বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারা তুলে ধরবেন তিনি।
ফোরামের দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর ‘ফোক আর্টিজান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।
এদিকে, ২৫ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠেয় ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুই যুগ্মসচিব রয়েছেন। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই কালচারস ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হবে।
সফর শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
শীর্ষ সংবাদ: